প্রতিনিধি: নুরুল ইসলাম নাহিদ
কালিয়াকৈর,গাজীপুর।
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের বিক্ষোভ করার চেষ্টা করেছেন পোশাক কারখানার কিছু শ্রমিক। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করেন।
রোববার (৮ নভেম্বর) দুপুরে কোনাবাড়ীর জরুন এলাকায় শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরের পর অর্ধশতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে কাশিমপুর থেকে কোনাবাড়ির জরুনের দিকে আসেন। এ সময় তারা আশপাশের কারখানাগুলোতে ইট-পাটকেল ছুড়তে থাকেন। ওইসব কারখানায় উৎপাদন কার্যক্রম চলছিল। এ সময় তারা আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিতে বলেন। পরে বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। একপর্যায়ে শ্রমিকরা বিভিন্ন সড়কে গিয়ে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ সদস্যরা ওই শ্রমিকদের ধাওয়া দেন। খবর পেয়ে বিজিবিও ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুড়ে ও লাঠি পেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
কোনাবাড়ী, জরুন ও কাশিমপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা ত্রিমোর সহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।