মোঃ আশরাফ উজ্জ্বল কসবা (ব্রাহ্মণবাড়িয়া) |
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের গোলাসার এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিগন্ত পরিবহনের একটি বাস কসবা উপজেলার কুটি থেকে যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে গোলাসার এলাকায় পৌঁছালে বাসটির একটি চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে আহত যাত্রীদের হাসপাতালে পাঠান।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে। তবে ঘটনার পর বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
উপজেলা প্রতিনিধি