আর এ লায়ন সরকার
নরসিংদীতে বহুল আলোচিত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে জেলা পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবুলাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্র, রক্তমাখা পোশাক ও একটি মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়।
শনিবার (৭ নভেম্বর) নরসিংদী মডেল থানায় আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, হত্যাকাণ্ডের পরপরই জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তদন্ত শুরু করেন। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যক্তিগত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটানোর তথ্য পাওয়া গেছে। তবে হত্যার প্রকৃত কারণ এবং এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ আবুল কায়েস আকন্দ এবং নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ এ.আর.এম. আল-মামুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন জানান, গ্রেপ্তার আবুলালের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ কর্মকর্তারা বলেন, নরসিংদী জেলায় হত্যা, অস্ত্র, মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর অবস্থানে ,অন্যের রয়েছে। অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।