মোঃ হাবিবুর রহমান বেলকুচি সিরাজগঞ্জ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজে আলোচনা সভা দোয়া মাহফিল ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) কলেজের আয়োজনে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দিবসটির তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ও বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন শামীম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন আহমেদ।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব, জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক মূল্যবোধের তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিবসের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ থেকে জাতীয় ঐক্য, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির শিক্ষা গ্রহণ করা প্রয়োজন।
বক্তারা শিক্ষার্থীদের দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার পাশাপাশি সুশিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় কলেজের মার্কেটিং বিভাগের সিনিয়র সহকারী অধ্যাপক উত্তম কুমার সাহা-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও দিবসের বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।