আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা এবং দেশাত্মবোধক গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন, আত্রাইয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি আবদুল জলিল চকলেট, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খোরশেদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, স্বাধীনতা-পরবর্তী সময়ে তাঁর ভূমিকা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান ও আত্মত্যাগের বিষয়টি স্মরণ করা হয়। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের অবদান ও আত্মত্যাগের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
বক্তারা জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।