সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৩৭ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মুহিত সোবহান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুহিত সোবহান সাভার মডেল থানার কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার এলাকার বাসিন্দা মোঃ মর্তুজা আলীর ছেলে।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন মুহিত সোবহানকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ৩৭ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবক দাবি করেছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় একটি পুলিশি স্থাপনা থেকে এসব গুলি লুট করে নিয়ে যায় সে। পরবর্তী সময়ে গুলিগুলো নিজের হেফাজতে রেখেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার মুহিত সোবহানের বিরুদ্ধে সাভার মডেল থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় মামলা দায়েরের প্রস্তুতি/প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে মামলার তদন্তের স্বার্থে তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গুলির উৎস, সেগুলো কী উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখা হয়েছিল এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।