ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ। গ্রেপ্তারকৃতদের পেশাদার মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৮ হাজার টাকা।
শুক্রবার (৬ নভেম্বর ) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন ঘোড়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাভারের ঘোড়াদিয়া এলাকার আব্দুর রহমানের ছেলে রিফাত রহমান ওরফে মফিজ (৩০) এবং মানিকগঞ্জের দৌলতপুর থানার রৌহা এলাকার মৃত অকুল উদ্দীনের ছেলে সুজন মোল্লা (২৬)। সুজন বর্তমানে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকায় রমজান মোক্তারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) আরিফুল ইসলামসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১৬ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৪৮ হাজার টাকা।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া রিফাত রহমান ওরফে মফিজের বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।