নরসিংদী মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় উপলক্ষে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা কমিটির উদ্যোগে
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সামাদ আকন্দ বকুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহামুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান, মনোহরদী পল্লী বিদ্যুতের ডিজিএম ফজিলত রাব্বি মুমিনা, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মো.হারুন অর রশিদ, মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বদরুল ইসলাম মোল্লা বাবুল, মো. লুৎফুর রহমান এবং মদিনা গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইব্রাহিম তালুকদার দিদার।
এ সময় মিয়া হোসেন মোল্লা, রমজান তালুকদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধান শিক্ষক আমেনা পারভীন দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর আন্তরিকতা, দায়িত্ববোধ ও দক্ষ নেতৃত্ব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহামুদুল হাসান বলেন, একজন শিক্ষকের প্রকৃত অর্জন তাঁর শিক্ষার্থীদের মাঝে বেঁচে থাকে। দীর্ঘ কর্মজীবনে আমেনা পারভীন যে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, তা প্রশংসনীয়। তাঁর কর্ম ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী প্রধান শিক্ষক আমেনা পারভীনকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণা ও ভালোবাসা-শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।