আসাদুজ্জামান খোকন, ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় আকবর আলী (৫৫) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের তেতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মুক্তি (৫৮) নামে আরও একজন আহত হয়েছেন।
নিহত আকবর আলী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শিলখুড়ির শালজোড় ঘাটপাড় থেকে ধানের বস্তা বোঝাই একটি নসিমন ধলডাঙ্গা বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে তেতুলতলা এলাকায় সড়কের খানাখন্দের কারণে চালক নিয়ন্ত্রণ হারালে নসিমনটি সড়কের নিচে উল্টে পড়ে। এতে চালক আকবর আলী নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। একই ঘটনায় মুক্তি (৫৮) নামে একজন আহত হন।
শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নসিমনটি সড়কের নিচে পড়ে গেলে চালক চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উপজেলা প্রতিনিধি