নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ প্রতিপাদ্যে এক বিশেষ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহাম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম মো. জাকিরুল হাসান, মনোহরদী পল্লী বিদ্যুতের ডিজিএম ফজলিত রাব্বি মুমিনা এবং মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বিদ্যালয়ের ইংলিশ ক্লাব ও বিজ্ঞান ক্লাবের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীরা ইংরেজিতে একটি ছোট নাটিকা পরিবেশন করে নিজেদের ভাষাগত দক্ষতা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাসের পরিচয় তুলে ধরে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, জীবনে বড় হতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে বড় স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে সাহস, আত্মবিশ্বাস, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নিজেকে একজন সৎ, মানবিক ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও অংশগ্রহণ করতে হবে। ইংলিশ ক্লাব ও বিজ্ঞান ক্লাবের মতো উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি এবং আত্মবিশ্বাস বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, ক্লাবভিত্তিক উদ্যোগ ও শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।
বিদ্যালয়ের শিক্ষক মো.মাকসুদ আলম মাসুমের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে পীরপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্ন বাস্তবায়নে সাহসী, আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যয়ী হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার অনুপ্রেরণা দেওয়া হয়।