কুষ্টিয়ার খোকসা পৌর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউন থেকে সুমন কুন্ডু (৩৫) নামের এক ব্যবসায়ীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় খোকসা বাজারের বড় মসজিদ সংলগ্ন সুমন কুন্ডু স্টোরের গোডাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমন কুন্ডু খোকসা উপজেলার চুনিয়াপাড়া হাসপাতাল গেট এলাকার রঞ্জিত কুন্ডুর ছেলে। তিনি সুমন কুন্ডু স্টোরের স্বত্বাধিকারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার নিহতের ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে তাকে গলায় ফাঁসরত ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। মৃত্যুর খবর জানাজানি হলে আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে আসেন এবং থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ মরদেহ ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরই জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন রয়েছে রয়েছে বলে জানান তিনি।