রবিবার, ২৬ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শরীয়তপুরে চলন্ত অটোরিকশায় কলেজছাত্রীদের সামনে অশালীন আচরণের অভিযোগ, ভিডিও ভাইরালের পর অভিযুক্ত আটক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১৬ pm
শরীয়তপুরে চলন্ত অটোরিকশায় কলেজছাত্রীদের সামনে অশালীন আচরণের অভিযোগ, ভিডিও ভাইরালের পর অভিযুক্ত আটক

আল আমীন সরদার
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধ 

শরীয়তপুরের ভেদরগঞ্জে চলন্ত অটোরিকশায় কলেজপড়ুয়া কয়েকজন ছাত্রীর সামনে এক ব্যক্তির অশালীন ও বিকৃত আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত এক যুবককে আটক করেছে ভেদরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) শরীয়তপুর সরকারি কলেজে পরীক্ষা শেষে কয়েকজন ছাত্রী অটোরিকশাযোগে ভেদরগঞ্জ উপজেলার মহিষার এলাকার উদ্দেশ্যে রওনা হন। পথে সদর উপজেলার আটং এলাকা থেকে এক ব্যক্তি অটোরিকশায় ওঠেন। অভিযোগ রয়েছে, চলন্ত অটোরিকশায় বসেই তিনি অশালীন ও বিকৃত আচরণ শুরু করেন। বৃষ্টিপাত এবং অনুকূল পরিস্থিতি না থাকায় ওই সময় যাত্রীরা প্রতিবাদ করতে পারেননি।
এ সময় অটোরিকশায় থাকা এক শিক্ষার্থী মুঠোফোনে ঘটনাটির ভিডিও ধারণ করেন। পরে ছয়গাঁও এলাকায় নেমে যান ওই ব্যক্তি। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত পারভেজ মাঝিকে আটক করে। তিনি ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাটার বাজার এলাকার আলী আকবর মাঝির ছেলে।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বিষয়টি নিশ্চিত করে বলেন, "ভিডিওটি নজরে আসার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে। তবে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক ব্যক্তি একজন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী।"
তিনি আরও জানান, "ঘটনার শিকার ছাত্রীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ভুক্তভোগী বা তাদের পরিবার লিখিত অভিযোগ দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের সত্যতা ও আইনগত বিষয়গুলো যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!