শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সখিপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, কুপিয়ে জখমের অভিযোগ ইউপি সদস্য জসিম মাঝির বিরুদ্ধে

আল আমীন সরদার
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ pm
৮
সখিপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, কুপিয়ে জখমের অভিযোগ ইউপি সদস্য জসিম মাঝির বিরুদ্ধে

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, মারধর, নগদ টাকা ছিনিয়ে নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে ইউপি সদস্য জসিম মাঝিসহ কয়েকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় একই পরিবারের একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল আনুমানিক ৮টার দিকে সখিপুর থানাধীন চরসেনসাস ইউনিয়নের মাগন বেপারীর কান্দি এলাকার ১ নম্বর ওয়ার্ডের মাঝিকান্দিতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ফয়েজ আহমেদ (৩৯) সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ফয়েজ আহমেদ ওই এলাকার বাসিন্দা। অভিযুক্তরা তাঁর আত্মীয় ও প্রতিবেশী। বসতবাড়ি ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় জমি নিয়ে বিরোধের জেরে ঘটনার দিন সকালে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তাঁদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করেন ফয়েজ আহমেদ।

তাঁর অভিযোগ, এ সময় তিনি, তাঁর ভাই ফয়সাল আহমেদ (৪০) এবং পারভেজ মোল্লা (৩৪) বাধা দিতে গেলে অভিযুক্তরা তাঁদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। এ সময় কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার একপর্যায়ে ফয়সাল আহমেদকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হলে তাঁর বাম পায়ের হাঁটুর নিচে গুরুতর কাটা জখম হয়। অন্যদিকে ফয়েজ আহমেদের মাথা লক্ষ্য করে কোপ দেওয়া হলে তিনি ডান হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করেন। এতে তাঁর ডান হাতেও গুরুতর জখম হয় বলে অভিযোগ করা হয়েছে।

ফয়েজ আহমেদের দাবি, হামলার সময় তাঁর পকেটে থাকা নগদ ২০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য জসিম মাঝি বলেন, “জমি নিয়ে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। তাঁরা থানায় অভিযোগ দিয়েছেন। এলাকার মুরুব্বিদের সঙ্গে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।”

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত অন্যদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!