শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

​ব্রডগেজ রূপান্তরের পর পঞ্চগড়-কক্সবাজার ট্রেন, দুই দেশ একমত হলে বাংলাবান্ধায় রেল সম্প্রসারণ: মহাপরিচালক

নিতিশ চন্দ্র বর্মন
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ pm
৬
​ব্রডগেজ রূপান্তরের পর পঞ্চগড়-কক্সবাজার ট্রেন, দুই দেশ একমত হলে বাংলাবান্ধায় রেল সম্প্রসারণ: মহাপরিচালক

​নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধি:

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন। শুক্রবার সকালে তিনি ঢাকা থেকে ট্রেনযোগে পঞ্চগড় স্টেশনে পৌঁছান এবং স্টেশনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

​পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মহাপরিচালক জানান, রেলের বহরে নতুন ১৮টি কোচ যুক্ত হয়েছে। পঞ্চগড় থেকে আপাতত একটি নতুন ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ভবিষ্যতে আরও ২০০টি নতুন কোচ দেশে আসবে। সেগুলো দিয়ে পর্যায়ক্রমে নতুন ট্রেন চালু করা এবং পুরনো ট্রেনগুলোর কোচ প্রতিস্থাপনের কাজ করা হবে।

​পঞ্চগড় থেকে সরাসরি কক্সবাজার ট্রেন চালুর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। পুরো রেললাইন এখনো ব্রডগেজে রূপান্তরিত হয়নি। সব লাইন ব্রডগেজে কনভার্ট হওয়ার পর আমরা পর্যালোচনা করব পঞ্চগড়-কক্সবাজার রুটে ট্রেন চালুর যৌক্তিকতা এবং পর্যাপ্ত যাত্রীচাহিদা আছে কি না।"

​দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের বিষয়ে মহাপরিচালক বলেন, "বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে রিজিওনাল কানেক্টিভিটি বা আঞ্চলিক যোগাযোগের মূল উদ্দেশ্য পূরণ করতে হলে ভারতীয় অংশের রেললাইনের সাথে সংযোগ প্রয়োজন। সীমান্তের ওপারে কানেক্টিভিটি না থাকলে এটি দিয়ে কেবল অভ্যন্তরীণ চাহিদা পূরণ হবে, বড় কোনো সুফল পাওয়া যাবে না। তাই দুই দেশ একমত ও রাজি হলেই কেবল বাংলাবান্ধায় রেল সংযোগ সম্ভব, অন্যথায় এটি স্থগিত থাকবে।"

​পঞ্চগড় স্টেশনের পণ্য ওঠানো-নামানোর (লোডিং-আনলোডিং) সুবিধার বিষয়ে তিনি উল্লেখ করেন, "আজকের পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল পঞ্চগড়ের লোডিং-আনলোডিং সুবিধা ও বর্তমান চাহিদা পর্যালোচনা করা। যদি চাহিদা বেশি থাকে এবং স্থান পাওয়া যায়, তবে আমরা লাইন সম্প্রসারণ করব যাতে একসঙ্গে আরও বেশি কোচ বা মালবাহী ওয়াগন প্রবেশ করতে পারে।"

​পরিদর্শনকালে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!