পোরশা (নওগাঁ) প্রতিনিধি: মোঃ আবু সাঈদ
নওগাঁর পোরশা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. মাহিম নামে ৬ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের পূর্ব দিয়ার পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম ওই গ্রামের মো. মাজেরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করার একপর্যায়ে অসাবধানতাবশত সবার অগোচরে পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ড. নাসিমা সুলতানা পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু মাহিমকে মৃত ঘোষণা করেন।
অকালেই অবোধ শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা প্রতিনিধি