পঞ্চগড়ের দেবীগঞ্জে শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ, পুলিশ সুপারের কাছে প্রতিকার চেয়ে লিখিত আবেদন
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের রাজারহাট গ্রামে ফজলুল হক নামে এক শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে সাধারণ গ্রামবাসীকে হয়রানি করার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ফজলুল হক রাজারহাট গ্রামের মৃত মীর বকসের ছেলে এবং পঞ্চগড় জেলা আদালতের একজন শিক্ষানবিশ আইনজীবী।
ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধ, তুচ্ছ ঘটনা কিংবা নিজের কথামতো কাজ না করলেই ফজলুল হক গ্রামের নিরীহ মানুষদের বিরুদ্ধে মিথ্যা অপহরণ, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অভিযোগে একের পর এক মামলা দায়ের করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ফজলুল হক তার ব্যক্তিগত স্বার্থ হাসিল ও প্রতিপক্ষকে চাপ সৃষ্টি করতে আইনজীবী পেশার সুযোগ নিয়ে বিচার ব্যবস্থার অপব্যবহার করছেন। সামান্য কোনো ঘটনা ঘটলেই বা তার কথার অবাধ্য হলেই নিরীহ গ্রামবাসীদের নামে গুরুতর ফৌজদারি অপরাধের মামলা ঠুকে দেওয়া হচ্ছে। এতে গ্রামের বহু সাধারণ মানুষ আইনি জটিলতা ও পুলিশি ঝামেলার ভয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। পুলিশ সুপারের কাছে প্রতিকার প্রার্থনা মিথ্যা মামলা ও ধারাবাহিক হয়রানি থেকে রেহাই পেতে দণ্ডপাল ইউনিয়নের রাজারহাট গ্রামের ভুক্তভোগী এলাকাবাসী একত্রিত হয়ে পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) বরাবর একটি লিখিত গণঅভিযোগ জমা দিয়েছেন। অভিযোগপত্রে তাঁরা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ফজলুল হকের করা মিথ্যা মামলার হাত থেকে সাধারণ মানুষকে রক্ষার জোর দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, মিথ্যা মামলার হাত থেকে নিরীহ মানুষদের বাঁচাতে বিষয়টির দ্রুত ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন, যাতে আইনি প্রক্রিয়ার অপব্যবহার বন্ধ হয়।