পঞ্চগড়ে রাতের আঁধারে সরকারি গাছ কাটার অভিযোগ, ৩০ হাজার টাকার গাছ জব্দ
নিতিশ চন্দ্র বর্মন
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নে রাতের আঁধারে সরকারি ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী তাঁতী দলের এক স্থানীয় নেতার বিরুদ্ধে। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ২১ টুকরো গাছ জব্দ করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের বিষ্ণু নারায়ণী মৌজার কাটাবাড়ি এলাকায় সরকারি বাগানের গাছ কেটে ট্রলিতে করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এলাকাবাসী বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং কাটা গাছগুলো জব্দ করেন।
স্থানীয়দের দাবি, পঞ্চগড় সদর উপজেলা তাঁতী দলের সভাপতি জাহিরুল ইসলাম ও তাঁর সহযোগীদের প্রত্যক্ষ সম্পৃক্ততায় এসব গাছ কাটা হয়েছে। সাবেক ছাত্রদল নেতা মো. সোহেল ও যুবদল নেতা আবু বক্কর সিদ্দিক অভিযোগ করে বলেন, "এলাকায় রাতের আঁধারে সরকারি গাছ কেটে নেওয়ার ঘটনা ঘটছে। অসাধু রাজনৈতিক প্রভাব ব্যবহার করে পরিবেশ ও সরকারি সম্পদের ক্ষতি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।" তাঁরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তাঁতী দল নেতা জাহিরুল ইসলাম। তিনি দাবি করেন, এ ঘটনার সঙ্গে তিনি বা তাঁর কোনো অনুসারী জড়িত নন। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, "স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ পাঠানো হয়েছিল। বন বিভাগ ইতোমধ্যে গাছগুলো জব্দ করেছে। বন বিভাগের কর্মকর্তারা জানান, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।