শিবচর উপজেলা প্রতিনিধি, মোঃ শামীম আহমেদ
মাদারীপুরের শিবচরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন চারতলা বিশিষ্ট জেলা পরিষদ ডাকবাংলো ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ সম্পন্নকারী ৩৫ জন বেকার নারীর হাতে সনদপত্র ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে শিবচর পৌরসভার ডাকবাংলো মাঠে মাদারীপুর জেলা পরিষদের উদ্যোগে এ উদ্বোধন, সনদ বিতরণ ও অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. সহিদুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন পলাশ এবং শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব মো. সহিদুল হাসান শিবচরসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলে তাঁর শৈশবের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “সরকারের বহুমুখী উন্নয়ন উদ্যোগের ফলে দেশের গ্রামীণ অর্থনীতি ও অবকাঠামোতে দ্রুত ও ইতিবাচক পরিবর্তন আসছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও গণমুখী করার মাধ্যমে পল্লী উন্নয়ন জোরদার করা হবে।
অনুষ্ঠানে শিবচর উপজেলা বিএনপির নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে স্থানীয় তরুণ প্রজন্মের সুস্থ বিনোদন ও খেলাধুলার স্বার্থে একটি আধুনিক সুইমিং পুল ও খেলার মাঠ নির্মাণের আশ্বাস দেন সিনিয়র সচিব। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় ও টেকসই জ্বালানি ব্যবহারে বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনের জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ডাকবাংলো প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন।
উক্ত অনুষ্ঠানে শিবচর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন— উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সাবেক আহ্বায়ক কামাল জামান নুরুদ্দীন মোল্লা, সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, বিএনপি নেত্রী নাদিরা আক্তার মিঠু চৌধুরী, উপজেলা বিএনপির সদস্যসচিব সোহেল রানা, শিবচর পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি হাজী আব্দুল মান্নান খান এবং সদস্যসচিব আজমল হুদা সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই আধুনিক ডাকবাংলো ভবনের মাধ্যমে স্থানীয় অবকাঠামোগত সুবিধা বাড়ার পাশাপাশি নারীদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে বিশেষ ভূমিকা রাখবে।