মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, ফেরেনি জ্ঞান

মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৬ pm
২৫
ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, ফেরেনি জ্ঞান

ভূরুঙ্গামারীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নুরমোহাম্মদ (৩৯) নামে এক এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ীকে গুরুতর আহত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত ব্যবসায়ীর জ্ঞান ফেরেনি বলে জানিয়েছে তাঁর পরিবার।

সোমবার (১৯ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের দক্ষিণ দেওয়ানের খামার গ্রামে তাঁর বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহত নুরমোহাম্মদ ওই গ্রামের আকবর আলীর ছেলে।

নুরমোহাম্মদ দেওয়ানের খামারের মেসার্স সাহা ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় নয়ন টেলিকম স্টোর নামে একটি প্রতিষ্ঠানে বিকাশ ও রকেটের এজেন্ট ব্যাংকিং ব্যবসা করেন।

আহত ব্যবসায়ীর বড় ভাই নুরন্নবী জানান, সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরতে দেরি করছিলেন নুরমোহাম্মদ। তাঁর ফিরতে দেরি হওয়ায় মা বাড়ির গেটের বাইরে বের হন। পরে বাড়ির কাছের সড়কে তাঁকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় তিনি কাতরাচ্ছিলেন।

নুরন্নবী আরও জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে নুরমোহাম্মদের মাথা ও হাঁটুতে এলোপাতাড়ি আঘাত করে। পরে তাঁর কাছে থাকা দিনের ব্যবসার নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।

স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিবারের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে নেওয়ার পথে তাঁকে থানায় নেওয়া হয়েছিল। সেখানে তাঁর ছবি রাখা হয় এবং আগে চিকিৎসা করানোর পরামর্শ দেওয়া হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত নুরমোহাম্মদের জ্ঞান ফেরেনি বলে জানান তাঁর বড় ভাই।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!