নুরুল আলম সিকদার
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্যান্টের ফিতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হাফিজ উল্লাহ (৬৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় হাফিজ উল্লাহর পরনের প্যান্টের ফিতার ভেতরে লুকানো অবস্থায় ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদক পাচারকারীরা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে নানা কৌশল অবলম্বন করে। তবে ধারাবাহিক অভিযানের মাধ্যমে এসব অপচেষ্টা ব্যর্থ করে দেওয়া হচ্ছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে-ই হোক না কেন, তার পরিচয় বা প্রভাব বিবেচনা না করে আইনের আওতায় আনা হবে।
এদিকে, স্থানীয় সচেতন মহল মনে করছে, ধর্মীয় পোশাক বা সামাজিক পরিচয়কে অপরাধের আড়াল হিসেবে ব্যবহার করা অত্যন্ত নিন্দনীয়। তারা মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করার পাশাপাশি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জেলা প্রতিনিধি