মোঃ হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী পানছড়ি উপজেলাটি অত্যন্ত দূর্গম পাহাড়ী অঞ্চলের একটি স্পর্শকাতর এলাকা হিসেবে পরিচিত। প্রতিষ্ঠালগ্ন হতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের অখ-তা রক্ষা, সীমান্ত নিরাপত্তা সুসংহতকরণ এবং পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে দুর্গম পাহাড়ি এলাকায় দিন-রাত নিরবচ্ছিন্ন টহল ও নজরদারি পরিচালনার মাধ্যমে বিজিবি সদস্যরা দেশের সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ এবং চোরাচালান প্রতিরোধে তাঁদের পেশাদারিত্ব, সাহসিকতা, সতর্কতা ও কর্তব্যনিষ্ঠার পরিচয় দিয়ে থাকেন।এর ধারাবাহিকতায়
গত ১৬ অক্টোবর ২০২৬ তারিখ পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপি’র নায়েব সুবেদার মোঃএমদাদুল হক এর নেতৃত্বে রাত্রিকালীন একটি নিয়মিত টহলদল সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ কর্মকান্ড প্রতিরোধে টহলের উদ্দেশ্যে গমন করে। উক্ত টহলদল রাত আনুামানিক ০৮.১৫ ঘটিকায় কচুছড়িমুখ পাড়া নামক স্থানে পৌছালে আনুমানিক ১২০/১৫০ গজ দূরে অন্ধকারাচ্ছন্ন স্থান হতে আকস্মিক কিছু লোকের সন্দেহজনক উপস্থিতি দৃষ্টিগোচর হয়।তখন টহল দল কৌশলগতভাবে কিছুদূর সামনে অগ্রসর হলে সীমান্তের নিকটবর্তী পাহাড় হতে ১০-১২ জনের একটি দল কাঁধে ব্যাগ নিয়ে সীমান্ত রাস্তায় নেমে আসতে দেখতে পায়। তাৎক্ষণিক পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)এর বলিষ্ঠ দিক-নির্দেশনায় বিজিবি’র চৌকস টহল দল সন্দেহভাজন ব্যক্তিদের চ্যালেঞ্জ করে থামতে বললে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।টহলদল তাদের ধাওয়া করলে তারা এলোমেলো ভাবে সীমান্ত রাস্তা হতে পার্শ্ববর্তী পাহাড়ী ঘন জঙ্গলে পালিয়ে যায়।টহল দল ঘটনাস্থল ও পার্শ্ববর্তী এলাকায় তল্লাশী চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ০১টি ৭.৬২ মিঃ মিঃ এসএমজি, ১০০ রাউন্ড গুলি, ০২টি বাটন মোবাইল সেট উদ্ধার করে।উক্ত উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পানছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্তবর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবি’র ‘‘জিরো টলারেন্স” নীতি ও কঠোর নজরদারী অব্যাহত রয়েছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে সীমান্তে অস্ত্র ও বিষ্ফোরক পাচার প্রতিরোধে বিজিবি’র এ ধরণের অভিযান ভীবষ্যতেও অব্যাহত থাকবে।