অভিজিত শীল, নাচোল, (চাঁপাইনবাবগঞ্জ:) প্রতিনিধি,
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি ইজারাকৃত পুকুরে অবৈধভাবে অনুপ্রবেশ করে জোরপূর্বক মাছ শিকার এবং পাহারাদার ও ইজারাদারকে তীর-ধনুকে বিদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার রানীদিঘী গ্রামে ঐতিহ্যবাহী ‘রানীদিঘী’ পুকুরে এই ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত নীতিমালা অনুসরণ করে ‘রানীদিঘী পুকুরটি লিজ নিয়ে পরিচালনা করে আসছেন ইজারাদার সাইফুল ইসলাম। পুকুরটি দেখাশোনার সার্বিক দায়িত্বে নিয়োজিত রয়েছেন পাহারাদার মোঃ ইমন রেজা।
ঘটনার দিন মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে স্থানীয় হাবিল মূর্ম ও পরমে মূর্ম (উভয়ের পিতা: সুমিল মূর্ম) বেআইনিভাবে পুকুরে জাল ফেলে মাছ শিকার শুরু করেন। এ সময় পাহারাদার ইমন রেজা তাদের বাধা দিলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পাহারায় বাধা দিলে মেরে ফেলার হুমকি দিয়ে মাছ ধরতে থাকে।
পরবর্তীতে পাহারাদার ইমন রেজা ফোনে বিষয়টি ইজারাদার শাইফুল ইসলামকে জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং অভিযুক্তদের অবৈধ মাছ শিকারে নিবৃত্ত করার চেষ্টা করেন। এতে বিবাদীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ইজারাদারকে তীর ধনুক দিয়ে বিদ্ধ করাসহ ‘পাঠাবলির মতো বলি’ দিয়ে হত্যার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার সময় স্থানীয় বাসিন্দা মোঃ রুবেল, মোঃ নুরুল ইসলাম ও মতিলালসহ বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী উপস্থিত ছিলেন। দিনদুপুরে সংঘটিত এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে নিরাপত্তা নিয়ে আতঙ্ক ও তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী ইজারাদার জানান, সরকারি নিয়ম মেনে রাজস্ব প্রদান করে তিনি পুকুরটি পরিচালনা করছেন। অভিযুক্তদের বেআইনি কর্মকাণ্ড ও হুমকির মুখে তিনি ও তার কর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় নাচোল থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে।