মোঃ কোরবান আলী,মাল্টিমিডিয়া রিপোর্টার উল্লাপাড়া,সিরাজগঞ্জ :
সার ডিলার নিয়োগে অনিয়ম হয়েছে কি? সরকারি নীতিমালা মেনেই কি দেওয়া হয়েছে ডিলারশিপ? এমন প্রশ্ন তুলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক কলেজশিক্ষকের বিরুদ্ধে তথ্য গোপন করে সার ডিলারশিপ গ্রহণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন উধুনিয়া ইউনিয়ন যুবদলের আহ্বাবায়ক মোঃ জাহাঙ্গীর আলম।
অভিযোগে বলা হয়েছে, উল্লাপাড়া উপজেলার ৩ নম্বর উধুনিয়া ইউনিয়নের মেসার্স লিয়ানা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ জাকির হোসেন গজাইল অনার্স কলেজে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত। অভিযোগকারীর দাবি, নিজের পেশাগত পরিচয় গোপন করে তিনি সার ডিলারশিপ গ্রহণ করেছেন। তবে অভিযোগের এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
কৃষকের সারপ্রাপ্তি নিয়ে শঙ্কা
অভিযোগকারী মনে করেন, সার ডিলার নিয়োগে অনিয়ম হয়ে থাকলে এর প্রভাব পড়তে পারে স্থানীয় কৃষকদের ওপর। ন্যায্যমূল্যে ও সময়মতো সার পাওয়া নিয়ে কৃষকদের ভোগান্তির আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। তাঁর দাবি, ডিলার নিয়োগের ক্ষেত্রে সরকারি নীতিমালা, যোগ্যতার শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে যাচাই করা জরুরি।
তদন্তে কী বেরিয়ে আসবে?
লিখিত অভিযোগে মেসার্স লিয়ানা এন্টারপ্রাইজের ডিলারশিপ প্রাপ্তির আবেদন, দাখিল করা নথিপত্র, যোগ্যতা এবং নিয়োগপ্রক্রিয়া পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের দাবি জানানো হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ডিলারশিপ বাতিলসহ দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানিয়েছেন জাহাঙ্গীর আলম।
এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগটি তদন্ত করে কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন অভিযোগকারীসহ সংশ্লিষ্টরা।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ জাকির হোসেন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।