শিবচর উপজেলা প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম শহিদ (শহিদ চেয়ারম্যান) নিহত হয়েছেন।
১৫ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় শিবচর পৌরসভার নন্দকুমার মোড় থেকে কলেজ মোড়গামী পুরাতন সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাঁর এই আকস্মিক মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শহিদুল ইসলাম শহিদ শিবচর বাজারের নন্দকুমার মোড় এলাকা থেকে হেঁটে কলেজ মোড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর পরই স্থানীয় উৎসুক জনতা ও পথচারীরা তাঁকে উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই মোটরসাইকেলের চালক বাহনটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মোটরসাইকেলটি পুলিশে সোপর্দ করে। তবে তাৎক্ষণিকভাবে ঘাতক চালকের নাম বা পরিচয় নিশ্চিত করা যায়নি। বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথানিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।
মো: শহিদুল ইসলাম (শহিদ) মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। পাশাপাশি বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সফল সাবেক চেয়ারম্যান হিসেবে এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। স্থানীয়দের কাছে তিনি ‘শহিদ চেয়ারম্যান’ নামেই বেশ পরিচিত ও সর্বজনশ্রদ্ধেয় ছিলেন।
তাঁর আকস্মিক প্রয়াণের খবর ছড়িয়ে পড়লে শিবচর উপজেলা বিএনপির নেতাকর্মী, স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে আসে শোক ও বেদনার আবহ।
এদিকে, তাঁর এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী কামাল জামান নূর উদ্দিন মোল্লা, বর্তমান আহ্বায়ক মো: শাহাদাত হোসেন খান, শিবচর পৌর বিএনপির আহ্বায়ক মো: কালাম মল্লিক, সদস্যসচিব মো: আজমল হোসেন সেলিম খান এবং পৌর বিএনপির সিনিয়র আহ্বায়ক মো: হেমায়েত হোসেন খান।
একই সঙ্গে ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) মাদারীপুর জেলা কমিটির সদস্যসচিব মো: ইয়াজ্জেম হোসেন রোমান গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি প্রয়াত শহিদুল ইসলামকে একজন ‘আদর্শবান ও নীতিবান রাজনৈতিক ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
সড়কে বেপরোয়া যানবাহন চলাচল ও পথচারীদের নিরাপত্তাহীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিবচরের সুশীল সমাজ ও সাধারণ নাগরিকেরা। দুর্ঘটনার বিষয়ে মাদারীপুরের শিবচর উপজেলা প্রতিনিধি জেএ টিভির সাংবাদিক মোঃ শামীম আহমেদ বলেন, “সড়কে বেপরোয়া গতি নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দুর্ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উন্মোচন এবং পালিয়ে যাওয়া ঘাতক চালককে শনাক্ত করে আইনানুগ শাস্তির আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের ভালোবাসায় সিক্ত শহিদ চেয়ারম্যানের এই অকাল মৃত্যু শিবচরের রাজনীতি ও সমাজসেবার ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন স্থানীয়রা।