আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজায় ১৯৮ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন, ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপনে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতকরণে ১৯৮ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। উপজেলাজুড়ে থাকা ৩০টি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় এসব সদস্যদের দায়িত্ব অর্পণ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) আটোয়ারী উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে কার্যালয় প্রাঙ্গণে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে এক 'ব্রিফিং প্যারেড' অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে আয়োজিত এ ব্রিফিং প্যারেডে পূজামণ্ডপগুলোতে দায়িত্ব পালনকালে নিরাপত্তা বজায় রাখা, পেশাদারিত্ব বজায় রাখা এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রতিবেদনে জানানো হয়, এ বছর উপজেলার ৩০টি পূজামণ্ডপে মোট ১৯৮ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে, যার মধ্যে পুরুষ সদস্য ১৩৮ জন এবং নারী সদস্য রয়েছেন ৬০ জন।
উক্ত ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার রীপা মনি দেবী, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ সানোয়ারুল আলম এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোছাঃ কাজী সাহেরা।
কর্মকর্তারা পূজা মণ্ডপগুলোতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল সদস্যকে নিষ্ঠা ও সজাগ দৃষ্টির সাথে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে উদযাপনে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের সমন্বিত পদক্ষেপ সার্বিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।