বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভূরুঙ্গামারীতে বিএনপির ইউনিয়ন কমিটি নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলন

মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪১ pm
৩
ভূরুঙ্গামারীতে বিএনপির ইউনিয়ন কমিটি নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলন

ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। গত ১৩ অক্টোবর অনুমোদিত এ কমিটির প্রতিবাদে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে শিলখুড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শিলখুড়ি ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা কমিটি গঠনে স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ তোলেন। তাঁদের দাবি, ইউনিয়ন বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সময় বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন ইউসুফ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রাফিজুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপির প্রবীণ সদস্য ও সাবেক প্রধান শিক্ষক আব্দুল গফুর।

ইসমাইল হোসেন ইউসুফ বলেন, ইউনিয়ন বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে উপজেলা কমিটি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিতর্কিত কমিটি বিলুপ্ত করে ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব শহিদুল ইসলাম আকন্দ। তিনি বলেন, একটি ইউনিয়নে অনেক ত্যাগী ও যোগ্য নেতাকর্মী থাকলেও সবাইকে কমিটিতে পদ দেওয়া সম্ভব নয়। যারা পদ পাননি, তাঁরাই ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলন করেছেন। তাঁদের এ কার্যক্রম দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। কমিটিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কর্মী-সমর্থকদের অন্তর্ভুক্ত করার অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!