আটোয়ারীতে শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে ইউএনও নিরুপমা রায়ের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গা পূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও খোঁজখবর নিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিরুপমা রায়।
শারদীয় দুর্গোৎসব যেন যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে, সেজন্য তিনি উপজেলার প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন ও নিবিড় নজরদারি অব্যাহত রেখেছেন। পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মণ্ডপগুলোর শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন।
এসময় উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। পরিদর্শনকালে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সাথে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, "সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে সবাই যেন আনন্দের সাথে দুর্গা পূজা উদযাপন করতে পারেন, সেজন্য উপজেলা প্রশাসন সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে। যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।"
বিএনপি নেতৃবৃন্দও পূজায় যেকোনো ধরনের সহায়তা ও সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।