কামরুল হাসান সিটি, রিপোর্টার
রাজধানীর ঐতিহ্যবাহী সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচন শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং অভিভাবকদের একটি অংশের আন্দোলনের মুখে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রাতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ এবং তিন রাউন্ড গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দেয়।
এদিকে, আজ সন্ধ্যার পর থেকে প্রায় চার থেকে পাঁচশ স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে স্কুল অ্যান্ড কলেজের সামনে জড়ো হন। তারা অভিভাবকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নির্বাচন স্থগিতের দাবিতে বিক্ষোভ করেন। আন্দোলনকারীরা দুই ঘণ্টার মধ্যে নির্বাচন স্থগিতের আল্টিমেটাম দেন।
আন্দোলনের একপর্যায়ে ঢাকার জেলা প্রশাসক ফোনে JATV-কে নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। এরপর আগামীকালের নির্ধারিত অভিভাবক প্রতিনিধি নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।
নির্বাচনকে কেন্দ্র করে স্কুলের আশপাশে দিনভর উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করেন, সময়মতো নির্বাচন স্থগিত না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারত।
তবে ককটেল বিস্ফোরণ, গুলির ঘটনা এবং নির্বাচন স্থগিতের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক লিখিত বক্তব্য পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিনিধি