অভিজিত শীল, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী, ‘নাচোলের রাণী’খ্যাত ক্ষণজন্মা সংগ্রামী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী যথাযথ শ্রদ্ধা ও মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় ‘রাণী ইলামিত্র স্মৃতি সংসদ’-এর আয়োজনে দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে উপজেলার নেজামপুর ইউনিয়নের রাওতাড়া ইলামিত্র স্মৃতি সংগ্রহশালার প্রবেশ ফটক থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংগ্রহশালার মঞ্চে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ইলা মিত্রের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
রাণী ইলামিত্র স্মৃতি সংসদের সভাপতি বিধান সিং-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা দাস। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক (‘নাচোলের রাণী’ চলচ্চিত্র), দুলাল উদ্দীন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, হরেন্দ্রনাথ সিং, পরিচালক, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি রবিউল আলম, নির্বাহী পরিচালক, বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা আজাহার আলী, অর্থ বিষয়ক ম্যানেজার, বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা আলোচনা সভা শেষে রাণী ইলামিত্র স্মৃতি সংসদ এবং ‘এসেডো গণস্বাক্ষরতা অভিযান’-এর পক্ষ থেকে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তেভাগা আন্দোলনের এই মহিয়সী নারীর অবদানকে স্মরণীয় করে রাখতে আগামী ১৮ অক্টোবর তাঁর জন্মশতবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হবে।