মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থার প্রসারে গাজীপুর মেট্রোপলিটন স্কুলের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। ছয়তলা ভবন নির্মাণের উপযোগী ভিতবিশিষ্ট এ একতলা একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগকে শিক্ষাপ্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মজিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আলাউদ্দিন চৌধুরী, সাবেক সহ-সভাপতি, গাজীপুর মহানগর বিএনপি ও বাসন ইউনিয়নের সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান; মোঃ সুরুজ আহাম্মদ, যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর বিএনপি; এবং বশির আহমেদ বাচ্চু, সাবেক সভাপতি, বাসন মেট্রো থানা বিএনপি। এ ছাড়া বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনিরসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নতুন একাডেমিক ভবন নির্মাণের এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের জন্য আরও উন্নত, নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি আধুনিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়নে ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।
শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। গাজীপুর মেট্রোপলিটন স্কুলের নতুন একাডেমিক ভবন নির্মাণের এ উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পথকে আরও সুগম করবে এবং আগামী প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করতে সহায়ক হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর প্রজন্ম, এগিয়ে যাক গাজীপুরের শিক্ষাঙ্গন।