সোমবার, ১২ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

রাণীনগরে জমি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে বাবা-চাচা গুরুতর আহত

আব্দুল্লাহ আল মাহীদ
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ am
৪১
রাণীনগরে জমি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে বাবা-চাচা গুরুতর আহত

নওগাঁর রাণীনগরে জমিজমা নিয়ে বিরোধের জেরে বাবা ও চাচাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে শাহিন আহমেদ (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চকাদিন এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুজনকে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন চকাদিন এলাকার শহিদুল ইসলাম (৫০) ও তাঁর ভাই সুজন (৩৫)। অভিযুক্ত শাহিন আহমেদ শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা লিখে নেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে দুই দফা সালিশ বৈঠক হলেও বিরোধের সমাধান হয়নি। ঘটনার দিন এ বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শাহিন তাঁর বাবা শহিদুল ইসলামের পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় ভাইকে রক্ষা করতে এগিয়ে এলে চাচা সুজনও ছুরিকাঘাতে আহত হন।

পরে স্বজনরা আহত দুজনকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠান চিকিৎসক।

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, জমিজমা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে তাঁরা জানতে পেরেছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!