শনিবার, ২৫ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শরীয়তপুরের ভেদরগঞ্জে এসএসসি ফল প্রকাশের আগেই সড়ক দুর্ঘটনায় ঝরে গেল পরীক্ষার্থীর প্রাণ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:১৭ pm
শরীয়তপুরের ভেদরগঞ্জে এসএসসি ফল প্রকাশের আগেই সড়ক দুর্ঘটনায় ঝরে গেল পরীক্ষার্থীর প্রাণ

আল আমীন সরদার  
ভেদরগঞ্জ ( শরীয়তপুর) প্রতিনিধি 

এসএসসি-২০২৬ পরীক্ষার ফল প্রকাশের আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার এক শিক্ষার্থী। নিহত হামিম সরদার (১৭) চলতি বছর সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

গত ২২ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে ভেদরগঞ্জ উপজেলার জাজিহার  বাবুল খানের দিঘী এলাকার সামনে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন হামিম। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৪ জুলাই) ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

নিহত হামিম সরদার ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোস্তফা সরদারের ছেলে। 

দুর্ঘটনার সময় মোটরসাইকেলের পেছনে থাকা শান্ত সিকদার (পিতা: মৃত ইউসুফ সিকদার) গুরুতর আহত হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। শান্ত সিকদার সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। 
এ ঘটনায় ইজিবাইক চালক ও আহত হন।

প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনার সময় মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা হামিম ও শান্ত গুরুতর আহত হন।

নিহতের সহপাঠী জিদান বলেন, "হামিম খুবই ভালো মনের একজন বন্ধু ছিল। আমরা কেউই ভাবতে পারিনি তাকে এভাবে হারাতে হবে। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।"

হামিমের বিদ্যালয়ের শিক্ষক সঞ্জিত কুমার বলেন, "তার মৃত্যুতে আমরা গভীরভাবে ব্যথিত। সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থীকে আমরা হারালাম। অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকবে, নিজেদের সন্তানদের প্রতি আরও নজর রাখুন। তারা কোথায় যাচ্ছে, কীভাবে চলাচল করছে—এসব বিষয়ে সচেতন থাকুন।"
তিনি আরও বলেন, "সন্তানদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে। বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন।"

এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, "হামিম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সকালে তার মৃত্যুর সংবাদ আমাদের কাছে এসেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

স্থানীয় সচেতন মহলের মতে, ভেদরগঞ্জে মোটরসাইকেলের বেপরোয়া গতি এবং ট্রাফিক নিয়ম অমান্যের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। তারা বলেন, তরুণদের নিরাপদে মোটরসাইকেল চালাতে উদ্বুদ্ধ করা, হেলমেট ব্যবহার নিশ্চিত করা এবং গতিসীমা কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই। একই সঙ্গে অভিভাবকদেরও সন্তানদের চলাফেরা ও যানবাহন ব্যবহারের বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

এদিকে, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় থাকা হামিমের মৃত্যুতে সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। যে সময়ে নতুন স্বপ্ন নিয়ে ফলাফলের অপেক্ষায় থাকার কথা ছিল, ঠিক সেই সময়েই সড়ক দুর্ঘটনায় নিভে গেল একটি সম্ভাবনাময় প্রাণ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!