মাল্টিমিডিয়া রিপোর্টার :
বগুড়ার দুপচাঁচিয়ায় ওয়াটার স্টোরেজ ট্যাংক উৎপাদনকারী প্রতিষ্ঠান ও একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও বগুড়া বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, দুপচাঁচিয়ার জগন্নাথপুর এলাকায় মেসার্স জমজম ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ নামের ওয়াটার স্টোরেজ ট্যাংক উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় বিএসটিআইয়ের গুণগত মান সনদ গ্রহণ না করে ওয়াটার স্টোরেজ ট্যাংক উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়। পরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অন্যদিকে চৌমুহনী বাজারদিঘী এলাকায় মেসার্স তাওসিফ ফিলিং স্টেশনে এ অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক ক্যালিব্রেশন সনদ ব্যবহার করার বিষয়টি পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মোবাইল কোর্টটি দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ খানের নেতৃত্বে পরিচালিত হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌ. প্রান্তজিত সরকার।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে পণ্যের মান নিশ্চিত করা এবং ওজন ও পরিমাপ সংক্রান্ত আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।