সদরপুর, ( ফরিদপুর) প্রতিনিধিঃ
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও দ্রুত বর্ধনশীল জীবন বীমা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুর রিজিওনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে "তুখোড় ১৩" ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের দীর্ঘ ১৩ বছরের গৌরবময় পথচলা এবং গ্রাহক সেবায় অনন্য অর্জনকে উদযাপন করতে ফরিদপুর রিজিওনাল টিমের উদ্যোগে এই বিশেষ দিনটির আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানটি কেবল প্রাতিষ্ঠানিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি রূপ নিয়েছিল এক প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর রিজিওন এর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ হেমায়েত মিয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফের সুনামধন্য ট্রেইনার মোঃ শফিকুল ইসলাম এবং ফরিদপুর রিজিওনের আর সি মোঃ মিরাজ হোসেন।
অনুষ্ঠানে ফরিদপুর অঞ্চলের ডি আর এম, এ এম, বিভিন্ন এরিয়া অফিসের ব্রাঞ্চ ম্যানেজারগণসহ একঝাঁক তরুণ ও উদ্দীপ্ত মাঠকর্মী অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ হেমায়েত মিয়া বলেন, "সততা, স্বচ্ছতা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গার্ডিয়ান লাইফ আজ গ্রাহকদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। মাঠপর্যায়ের কর্মীদের অক্লান্ত পরিশ্রমই আমাদের এই সাফল্যের মূল চাবিকাঠি।"
ট্রেইনার মোঃ শফিকুল ইসলাম তাঁর বক্তব্যে কর্মীদের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
ব্যবসায়িক আলোচনার পাশাপাশি দিনটি কাটে আনন্দ ও বিনোদনের মধ্য দিয়ে। কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল চমৎকার নৃত্য ও মনমুগ্ধকর গান। এছাড়া কর্মীদের মাঝে কাজের উদ্দীপনা বাড়াতে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়।
সবশেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং সেরা পারফর্মারদের কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কারে ভূষিত করার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।