মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

উখিয়া দারোগা বাজারে সরকারি খাস পুকুর ও পথ দখলের অভিযোগ, ব্যবসায়ী ও ক্রেতাদের চরম ভোগান্তি

মো গিয়াস উদ্দীন
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ pm
১৩
উখিয়া দারোগা বাজারে সরকারি খাস পুকুর ও পথ দখলের অভিযোগ, ব্যবসায়ী ও ক্রেতাদের চরম ভোগান্তি
খাস পুকুরে ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র দারোগা বাজারে সর্বসাধারণের ব্যবহারের জন্য থাকা সরকারি খাস পুকুর ও তৎসংলগ্ন চলাচলের পথ দখলের গুরুতর অভিযোগ উঠেছে। বাজারের ভেতরের এই ঐতিহ্যবাহী পুকুর ও একমাত্র চলাচলের রাস্তাটি অবরুদ্ধ হয়ে পড়ায় বাজারে আসা হাজারো ক্রেতা-বিক্রেতা এবং স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

এই ঘটনার প্রতিকার এবং সরকারি সম্পত্তি রক্ষায় দারোগা বাজারের কাঁচাবাজার এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে প্রকাশ, দারোগা বাজারে আগত সর্বসাধারণের দীর্ঘদিনের সুবিধার্থে ১৩৫৪ নম্বর খতিয়ানের ৬৩২৭, ৭১৩৯ ও ৭১২১ নম্বর দাগের অন্তর্ভুক্ত প্রায় ৮৩ শতক জমির মধ্যে একটি পুকুর ও তৎসংলগ্ন চলাচলের পথ রয়েছে। স্থানীয় বাসিন্দারা যুগ যুগ ধরে এই পুকুরের পানি ও সংলগ্ন পথটি ব্যবহার করে আসছেন।

অভিযোগকারীদের দাবি, উক্ত খাস জমির সীমানা ঘেঁষে জনৈক উৎপল বিশ্বাস নামের এক ব্যক্তি প্রায় ৫ শতক জমি ক্রয় করে একটি বহুতল ভবন নির্মাণ করেছেন। ভবনটি নির্মাণের ফলে আগে থেকে ব্যবহৃত জনসাধারণের একমাত্র চলাচলের পথটি চরমভাবে সংকুচিত ও বাধাগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি জনৈক মৃদুল আইচ (পিতা-অভিনাশ চন্দ্র আইচ) সরকারি খাস জমির পুকুরটিতে সাধারণ মানুষের প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন এবং পুকুরটি ব্যবহারে বাধা দিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

দারোগা বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এটি উপজেলার অন্যতম ব্যস্ত বাজার। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এমন একটি গুরুত্বপূর্ণ বাজারের ভেতরে দীর্ঘদিন ধরে ব্যবহৃত পথ ও পুকুর বন্ধ করে দেওয়ায় শুধু জনদুর্ভোগই বাড়ছে না, বাজারের স্বাভাবিক পরিবেশ ও সার্বিক চলাচল ব্যবস্থাও ভেঙে পড়েছে। এই নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ও বাজার ব্যবসায়ীরা উদ্ভূত পরিস্থিতি নিরসনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে সরেজমিন তদন্ত সাপেক্ষে জমির প্রকৃত মালিকানা, খতিয়ান ও দাগের অবস্থান এবং পুকুর ও চলাচলের পথের সরকারি চরিত্র (শ্রেণি) যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সাথে সর্বসাধারণের ব্যবহৃত পথটি উন্মুক্ত এবং সরকারি খাস পুকুরটি অবৈধ দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের উপযোগী করার জোর দাবি জানান তারা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!