প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে জমি লিখে না দেওয়াকে কেন্দ্র করে ফজলে করিম ঘরামি (৮০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার পুত্রবধূ ও নাতিসহ কয়েকজনের বিরুদ্ধে।রোববার (৪ অক্টোবর) বিকেলে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
আহত ফজলে করিম ঘরামির মেয়ে শামসুন্নাহার অভিযোগ করে বলেন, তার ভাই নাহিদ ঘরামির নামে বাড়ির জমি লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে বৃদ্ধ বাবা ফজলে করিমকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে বাবা ও ছেলে নাহিদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে নাহিদ ঘরামির স্ত্রী শাহিনুর ও নাতি হেলাল উদ্দিন ঘরামিসহ কয়েকজন ফজলে করিম ঘরামিকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করেন শামসুন্নাহার।
বৃদ্ধের চিৎকার শুনে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় ছেলে নাহিদ ঘরামি, তার স্ত্রী শাহিনুর ও নাতি হেলাল উদ্দিন ঘরামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ফজলে করিম ঘরামির মেয়ে জামাই রফিকুল ইসলাম।তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।