মোঃ গোলাম কিবরিয়া, খুলনা:
খুলনার দিঘলিয়া উপজেলায় সন্ত্রাসী হামলায় নাসিমুল গনি ওরফে নাসিম (৪৫) নামের নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির এক নেতা নিহত হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ফরমাইজখানা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাসিম স্থানীয় মৃত আব্দুর গফুরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ফায়ার সার্ভিস সংলগ্ন একটি চায়ের দোকানে চা পান শেষে নিজ ঘরে ফিরছিলেন নাসিম। পথিমধ্যে মোটরসাইকেলযোগে আসা দুই সশস্ত্র ব্যক্তি তাকে লক্ষ্য করে উপর্যুপরি কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। এতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন এবং হামলাকারীরা দ্রুত চম্পট দেয়। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে ৩টি গুলির খোসা, ৩টি তাজা গুলি, ১টি পিস্তলের ম্যাগাজিন ও ১টি চশমা আলামত হিসেবে জব্দ করেছে। পুলিশ জানায়, নিহত নাসিমের বিরুদ্ধে ৪টি হত্যা মামলা এবং বিশেষ ক্ষমতা আইনে আরও ৩টি মামলা বিচারাধীন রয়েছে।