মোঃ আসলাম বিশ্বাস জেএ টিভি
খোকসা (কুষ্টিয়া)
কুষ্টিয়ার খোকসা রেলস্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি পুনর্বহালের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার বিকেলে শত শত মানুষ স্টেশনের রেললাইনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করলে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীরা জানান, রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে খোকসা স্টেশন থেকে বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি কুমারখালী স্টেশনে স্থানান্তর করা হলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানিয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা থেকে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। বৃষ্টি উপেক্ষা করেও শতাধিক মানুষ আন্দোলনে অংশ নেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এদিকে, বেনাপোল এক্সপ্রেস ট্রেনের খোকসা স্টেশনে যাত্রাবিরতি বহালের দাবির সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানতে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে তার আলোচনা হয়েছে। তিনি বলেন, "খোকসাবাসীর দাবিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"
স্থানীয়দের আশা, প্রশাসনের ইতিবাচক উদ্যোগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে খোকসা রেলস্টেশনে বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি পুনর্বহাল হবে এবং দীর্ঘদিনের এ জনদাবির বাস্তবায়ন ঘটবে।
উপজেলা প্রতিনিধি