নুরুল আলম সিকদার
কক্সবাজার, প্রতিনিধি:
কক্সবাজারে সেনাবাহিনীর ভুয়া স্টিকার লাগানো একটি বিলাসবহুল ল্যান্ডক্রুজার গাড়িতে অভিনব কৌশলে ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ করেছে সদর মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সদর এলাকায় একটি ল্যান্ডক্রুজার গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, বিভিন্ন চেকপোস্টে সন্দেহ এড়ানোর উদ্দেশ্যে গাড়িটিতে সেনাবাহিনীর ভুয়া স্টিকার লাগানো হয়েছিল।
পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে নিশ্চিত হওয়া যায়, আটক ব্যক্তি সেনাবাহিনীর কোনো সদস্য নন এবং গাড়িতে ব্যবহৃত স্টিকারটিও অবৈধ।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ মাদক চক্র জড়িত থাকতে পারে। ইয়াবার উৎস, ভুয়া স্টিকার সংগ্রহের উপায় এবং চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, মাদক পাচার এবং সরকারি বাহিনীর পরিচয় ব্যবহার করে অপরাধ সংঘটনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।