মো এনামুল হক
মাল্টিমিডিয়া রিপোর্টার
ফ্লাইওভারের নিচে অজ্ঞাত তিনজনের হামলা—প্রাণনাশের হুমকি, বাসন থানায় অভিযোগ
গাজীপুরের চৌরাস্তা এলাকায় জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার ও স্যাটেলাইট/আইপি টিভি জেএ টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার মো. এনামুল হকের ওপর হামলা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা তিন ব্যক্তির বিরুদ্ধে।
গত ২ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ১টার দিকে গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করেছেন ভুক্তভোগী সাংবাদিক নিজেই।
অভিযোগ সূত্রে জানা যায়, ভবানীপুর থেকে গাজীপুর চৌরাস্তা এলাকায় আসার পর ফ্লাইওভারের নিচে পৌঁছালে অজ্ঞাতনামা তিন ব্যক্তি এনামুল হকের ব্যবহৃত স্মার্টফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে তিনি বাধা দিলে তারা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে।
একপর্যায়ে হামলাকারীরা ধারালো চাপাতি দিয়ে তার বাম হাতে দুটি আঘাত করে, এতে তিনি গুরুতর আহত হন। পরে প্রাণনাশের হুমকি দিয়ে তার মোবাইল ফোনটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
আহত সাংবাদিক পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তার হাতে একাধিক সেলাই দিতে হয়েছে বলে তিনি জানান।
ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি HONOR X9D, ফোনটির IMEI নম্বরসহ প্রয়োজনীয় তথ্য লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর নিজের ও পরিবারের নিরাপত্তা এবং ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধারের দাবিতে বাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক মো. এনামুল হক।
তিনি বলেন, “আমি নিজেই এ ঘটনার ভুক্তভোগী। আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয়েছে এবং প্রাণনাশের হুমকি দিয়ে মোবাইল ফোন নিয়ে গেছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
এ ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ব্যস্ততম গাজীপুর চৌরাস্তা এলাকায় রাতের বেলায় এমন হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।