শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ছাত্র আন্দোলনে হামলার আসামি ও চাঁদাবাজির অভিযোগে কৃষকলীগ নেতা সেলিম রেজা আটক

নিউজ ডেস্ক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ pm
৪
ছাত্র আন্দোলনে হামলার আসামি ও চাঁদাবাজির অভিযোগে কৃষকলীগ নেতা সেলিম রেজা আটক

কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি ও জেলা কৃষকলীগের নেতা মো. সেলিম রেজাকে আটক করেছে পুলিশ। ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে ঢাকার আদালতে দায়ের করা একটি মামলায় তিনি আসামি হিসেবে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের বাহারছড়া রান্নাঘর রেস্তোরাঁর সামনে থেকে তাকে আটক করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ঢাকা ক্যান্টনমেন্ট আমলি আদালতে দায়ের করা ওই মামলায় সেলিম রেজাকে ১৮০ নম্বর আসামি করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। মামলার এজাহারে তাকে কক্সবাজার জেলা কৃষকলীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের ভাষ্য, সেলিম রেজার বিরুদ্ধে চাঁদাবাজিসহ আরও একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এর মধ্যে ঘোনা দখলের অভিযোগ তুলে এক ভুক্তভোগী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি বর্তমানে কক্সবাজারের পুলিশ সুপারের কার্যালয়ে তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।

সেলিম রেজা কক্সবাজারের চৌফলদণ্ডী এলাকার শফিকুর রহমানের ছেলে। তার জাতীয় পরিচয়পত্রে ঝাউতলা গাড়ির মাঠ এলাকার ঠিকানা উল্লেখ থাকলেও তিনি পরিবার নিয়ে শহরের সায়মুন হেরিটেজে বসবাস করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সেখান থেকে তিনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেন বলেও অভিযোগ রয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঢাকার আদালতে দায়ের করা ছাত্র আন্দোলনে হামলার মামলায় সেলিম রেজা আসামি হওয়ায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!