মোঃগোলাম কিবরিয়া
খুলনা প্রতিনিধি
খুলনার দিঘলিয়ায় মাদক সেবন করতে নিষেধ করায় আপন ভাইকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে রাজীব শেখ (৪১) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে দিঘলিয়া উপজেলা সদরের দেয়াড়া দক্ষিণপাড়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জখম ব্যক্তির নাম মো. মঈন শেখ (৪৪)। তিনি দেয়াড়া গ্রামের শেখ জাফরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঈন শেখ কয়েকদিন ধরে তার আপন ভাই রাজীব শেখকে মাদক সেবন না করার জন্য নিষেধ করে আসছিলেন। ঘটনার দিন রাতেও এ বিষয়ে তাকে নিষেধ করলে রাজীব ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে মঈন শেখের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে মঈন শেখ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
স্থানীয়ভাবে জানা গেছে, অভিযুক্ত রাজীব শেখ দিঘলিয়া উপজেলার ইজিবাইক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।