নিজস্ব প্রতিনিধি : ফজলুল কবির
পাবনা সদর উপজেলায় ৬০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে পাবনা-রাজশাহী মহাসড়কের সদর উপজেলার গাছপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হলে দুইটি ব্যাগের ভেতর থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ফেনসিডিলসহ সিএনজিতে থাকা দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।
আটকরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার ব্রজনাহাপুর পূর্বপাড়া এলাকার আজাদ হোসেনের ছেলে সাহানুর রহমান (২৫) এবং একই এলাকার আব্দুল সোবহানের ছেলে মিষ্টু (৩০)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাজশাহী থেকে কৌশলে ফেনসিডিল সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে আরও কোনো অভিযোগ বা মাদক সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।