বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বকশিগঞ্জে নৌকা বাইচ বিতর্কে আয়োজক কমিটির বিরুদ্ধে থানায় অভিযোগ।

উপজেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ pm
২৯
বকশিগঞ্জে নৌকা বাইচ বিতর্কে আয়োজক কমিটির বিরুদ্ধে থানায় অভিযোগ।

মোঃ মারুফ হাসান, বকশিগঞ্জ , জামালপুর।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামে ব্রহ্মপুত্র নদীতে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতা নিয়ে আয়োজক কমিটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়া কুশলনগর একতা নৌকাকে পরবর্তী ধাপ থেকে বাদ দেওয়ার অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে পৃথকভাবে অভিযোগ ও আবেদন করা হয়েছে।

অভিযোগে কুশলনগর একতা নৌকার পক্ষ থেকে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর ২০২৬, রোববার ভাটি কলকিহারা এলাকায় ব্রহ্মপুত্র নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় তাদের মাঝি-মাল্লারা কিছুটা দেরিতে নৌকায় ওঠেন এবং নির্ধারিত শুরুর স্থানে পৌঁছাতেও কিছুটা বিলম্ব হয়। পরে আয়োজক কমিটি কুশলনগর একতা নৌকাকে পরবর্তী ধাপের প্রতিযোগিতা থেকে বাদ দেয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, নৌকা বাইচের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম-কানুন ও সময়সীমা আগে থেকে কীভাবে জানানো হয়েছিল এবং সেই নিয়ম সব নৌকার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন। তাদের মতে, নিয়ম ভঙ্গের কারণে বাদ দেওয়া হয়ে থাকলে বিষয়টি স্পষ্ট করা এবং কোনো ভুল বোঝাবুঝি বা প্রক্রিয়াগত ত্রুটি হয়ে থাকলে তা পর্যালোচনা করা প্রয়োজন।

কুশলনগর একতা নৌকার পক্ষ থেকে আরও দাবি করা হয়, চলতি মৌসুমে তারা বিভিন্ন নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এর মধ্যে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের একটি প্রতিযোগিতা এবং শরীয়তপুরের কৃষ্ণপুর এলাকার একটি নৌকা বাইচে তারা প্রথম স্থান অর্জন করেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এদিকে নৌকা বাইচ আয়োজনের অনুমতি প্রসঙ্গে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, “এই নৌকা খেলার জন্য জেলা প্রশাসন থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। ইউএনও অফিস থেকেও কোনো অনুমতি দেওয়া হয়নি।”

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।”

অভিযোগকারীরা জানান, তাদের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা আয়োজক কমিটির সঙ্গে বিরোধ সৃষ্টি করা নয়। তারা চান, নৌকা বাতিলের সিদ্ধান্তটি নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুযায়ী হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে যাচাই করা হোক। নিয়ম ভঙ্গ হয়ে থাকলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও তারা জানিয়েছেন। তবে কোনো ভুল বোঝাবুঝি বা প্রক্রিয়াগত ত্রুটি হয়ে থাকলে তা সংশোধনের দাবি জানিয়েছেন।

অভিযোগকারীদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার আগে বিষয়টি পর্যালোচনা করা হলে ভুল বোঝাবুঝি, বিরোধ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হতে পারে। একই সঙ্গে তারা ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সুস্পষ্ট নিয়ম-কানুন নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ শফিকুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোনকল গ্রহণ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!