নওগাঁর ধামইরহাট উপজেলায় খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে একই পরিবারের পাঁচ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নিজেদের স্বাধীন সিদ্ধান্ত, ধর্মীয় বিশ্বাস ও ইসলামের জীবনব্যবস্থার প্রতি আকৃষ্ট হয়ে তারা স্বেচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ জেলা আদালতে স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অ্যাফিডেভিটের মাধ্যমে কালেমা পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন পরিবারের পাঁচ সদস্য।
ইসলাম গ্রহণকারী পরিবারের সদস্যরা হলেন- ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের সোনাদিঘী এলাকার বাসিন্দা মি. পিউস মুর্মু, ইসলাম গ্রহণের পর যার নাম রাখা হয়েছে মো. আবু মুছা। তার স্ত্রী মাগ্দানিলা সরেনের নতুন নাম মোসা. ফাতেমা বিবি। তাদের তিন সন্তান আন্তনী মুর্মু (মো. হাসান), পিত্তর মুর্মু (মো. হুসাইন) ও ফুলমনি আন্না (মোসা. আমেনা)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যরা ইসলামের বিভিন্ন বিষয়, জীবনব্যবস্থা, আচার-অনুষ্ঠান ও নৈতিকতার বিষয়ে জানার সুযোগ পান। এসব বিষয়ে জানার পর ধীরে ধীরে ইসলামের প্রতি তাদের আগ্রহ ও আকর্ষণ তৈরি হয়। একপর্যায়ে পরিবারের পাঁচ সদস্যই স্বেচ্ছায় ও সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।
ইসলাম গ্রহণের পর পরিবারের সদস্যরা নিয়মিত নামাজ আদায়সহ ইসলামের বিধি-বিধান মেনে চলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
পরিবারের পক্ষ থেকে মোসা. ফাতেমা বিবি বলেন, “নিজেদের স্বাধীন সিদ্ধান্ত ও বিশ্বাস থেকেই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম সম্পর্কে জানার পর আমরা এ ধর্মের প্রতি গভীরভাবে আকৃষ্ট হই। সবকিছু জেনেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনগুলোতে সমাজের সবার সঙ্গে মিলেমিশে ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করতে চাই।”
এদিকে একই পরিবারের পাঁচ সদস্যের ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়লে এলাকায় বিষয়টি নিয়ে কৌতূহল ও আগ্রহের সৃষ্টি হয়। স্থানীয় মুসল্লিরা নতুন মুসলিম পরিবারটির ইসলামিক জীবনযাপনে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন।