মো জনিরুল ইসলাম
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোপালপুর গ্রামে প্রবাসীর বাড়িতে তালা ভেঙে চুরি, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জনিরুল ইসলাম (৪৬)।
অভিযোগে বলা হয়, জনিরুল ইসলামের বড় ভাই মো. শেখ আব্দুল্লাহ বর্তমানে সৌদি আরবে অবস্থান করায় তার বাড়িটি দেখাশোনা করতেন জনিরুল ইসলাম। অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী মো. ফড়ং আলী (৫০) দীর্ঘদিন ধরে অকারণে বিরোধ সৃষ্টি, অশালীন ভাষায় গালিগালাজ, মিথ্যা মামলার ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ২২ জুলাই রাত আনুমানিক ১০টা থেকে ২৩ জুলাই সকাল ৪টার মধ্যে কোনো এক সময় অভিযুক্ত ফড়ং আলী প্রবাসীর বাড়ির গেট ও ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে এলইডি টিভি, ফ্রিজ, ঘরের আসবাবপত্র, টিভির ডিশ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়ার পাশাপাশি বাড়ির পানির পাইপের মুখ ইট ও মাটি দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ করা হয়েছে।
পরদিন সকালে বাড়ির গেট খোলা দেখে বিষয়টি জানতে চাইলে স্থানীয় মুদি দোকানি মো. গাফফার কে ঘটনাটি জানান অভিযোগকারী। পরে অভিযুক্ত ফড়ং আলী ঘটনাস্থলে এসে বিভিন্ন ধরনের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মো. গাফফার (৪৫) ও মো. ইমদাদুল ইসলাম (৫০)-কে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া বিষয়টি প্রবাসী বাড়ির মালিক মো. শেখ আব্দুল্লাহকে মোবাইল ফোনে জানিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
তবে অভিযোগে উত্থাপিত বিষয়ে অভিযুক্ত মো. ফড়ং আলীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দৌলতপুর থানা অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে অভিযোগকারী আশা প্রকাশ করেছেন।
উপজেলা প্রতিনিধি