মো:কোরবান আলী, মাল্টিমিডিয়া রিপোর্টার
উল্লাপাড়া উপজেলা:
‘করবো কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জিয়া মঞ্চ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে উল্লাপাড়া শহরের ওয়াপদা এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পরে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওয়াপদা এলাকায় এসে শেষ হয়।
র্যালি শেষে ওয়াপদা এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া মঞ্চ সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি খাজা ময়েন উদ্দিন। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সেরাজুল ইসলাম।
সভায় বক্তব্য দেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির মো:শাকিল আহাম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ও সহকারী টিম লিডার রাজশাহী বিভাগ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. কোরবান আলী, উল্লাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক শামীম আহাম্মেদ, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিষ্টার, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান বাবুসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের অধিকাংশ জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। তবে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে ‘ফ্যাসিবাদের দোসররা’ বিভিন্নভাবে ষড়যন্ত্র ও অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা।
তারা আরও বলেন, যেকোনো অপশক্তির অপতৎপরতা রুখে দিতে জিয়া মঞ্চের নেতাকর্মীরা অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবেন। সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের অপতৎপরতা মোকাবিলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও উন্নয়নশীল বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।