মোঃ সুমন খান, গলাচিপা, পটুয়াখালী।
পটুয়াখালীর দশমিনা উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর আবু বক্কর মৃধা (৬৫) নামে এক বৃদ্ধের কাদামাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রণগোপালদী গ্রামের একটি পরিত্যক্ত ভিটার বীজতলার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু বক্কর মৃধা ওই গ্রামের মৃত আতাহার মৃধার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) দুপুরে খাবার খেয়ে আবু বক্কর মৃধা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বাজারসহ বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে গ্রামের এক ব্যক্তি পরিত্যক্ত ভিটার বীজতলার পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আবু বক্কর মৃধার বলে শনাক্ত করেন। দশমিনা উপজেলার থানা ইনচার্জ মোঃ আতিকুল ইসলাম জানান খবর পেয়ে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
মাল্টিমিডিয়া রিপোর্টার