শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার মোল্লার বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মোড়কবিহীন ও লেবেলবিহীন খাদ্যপণ্য রাখা এবং নিষিদ্ধ দ্রব্য মেশানোর অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের শরীয়তপুর জেলা কার্যালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মোল্লার বাজারের সংকর সুইটমিট ও বাছির হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বিভিন্ন অনিয়মের বিষয় উঠে আসে। এর মধ্যে অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য প্রস্তুত, মোড়কবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ, লেবেলবিহীন খাদ্যপণ্য বিক্রি, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ রয়েছে।
অভিযান সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠান দুটির মালিকরা এসব অনিয়মের দায় স্বীকার করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় প্রতিষ্ঠান মালিকদের নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি ভবিষ্যতে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও নিরাপদ খাদ্যসংক্রান্ত আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। এছাড়া সাপোর্ট স্টাফ ও বাংলাদেশ পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।