নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান সংস্থা মনোহরদী।
মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর)সকালে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান-এর হাতে লিফলেট তুলে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পরে মনোহরদী পৌরসভার বিভিন্ন জনবহুল এলাকায় সংগঠনের স্বেচ্ছাসেবীরা সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করেন।
এ সময় ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার বিষয়ে মানুষকে সচেতন করা হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা বলেন,ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি,পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা জরুরি। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রামসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
এ সময় স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সতর্কতামূলক বিভিন্ন তথ্য জানানো হয়। পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।